বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে একটি জনগুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সংস্কার বা পুনর্নির্মাণের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় সেতুটি বর্তমানে এলাকাবাসীর কাছে এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আলতা গ্রামের এই সংযোগ সেতুটির একটি বড় অংশ খালের মধ্যে ধসে পড়ে আছে। রেলিং ভেঙে গেছে এবং মাঝখানের স্লাব ধসে যাওয়ায় এটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী। এরপরও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ।
সেতুটির এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। কৃষিনির্ভর এই জনপদের উৎপাদিত পণ্য বাজারে নিতে না পারায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে সেতুটি এই অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। সামান্য অসতর্কতায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। বিশেষ করে রাতের বেলা এই পথে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত এই সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা না হলে জনদুর্ভোগ আরও অসহনীয় হয়ে উঠবে। তারা অবিলম্বে এই ভেঙে পড়া সেতুটি পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments