Image description

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী ও প্রেমিকাদের সফর নিয়ে বিতর্ক নতুন নয়। এর জেরে কোহলি-রোহিত-বুমরাদের বিদেশ সফরে পরিবারের সদস্যদের জন্য দিন সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার আইপিএলে সামনে এল নতুন একটি বিষয়-গার্লফ্রেন্ড কালচার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারকে তাদের প্রেমিকাদের নিয়ে দলীয় বাসে যাতায়াত ও টিম হোটেলে অবস্থান করতে দেখা গেছে। এই সংস্কৃতি বন্ধে পদক্ষেপ নিতে পারে বিসিসিআই।

ভারতের দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল ও ঈশান কিশানদের মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে প্রেমিকাদের প্রায়ই দেখা যায়। কেউ কেউ খেলোয়াড়দের টিম বাসে হোটেলেও যান।

এসব ব্যাপারে বিসিআইয়ের ওই কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি।

পরবর্তী বোর্ড সভায় এটি তোলা হবে। খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারের সদস্যদের হোটেলে থাকার বিষয়ে কোনো সমস্যা নেই। তবে প্রেমিকাদের ব্যাপারে আমাদের আরেকটু সিরিয়াস হতে হবে।’

ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে খেলোয়াড়দের সঙ্গে পরিবারের থাকা নিয়ে বিতর্ক দেখা দিলে বিসিসিআই একটি নীতিমালা তৈরি করে।

এতে বলা হয়, বিদেশ সফর ৪৫ দিনের বেশি হলে পরিবারের সদস্যরা সর্বোচ্চ দুই সপ্তাহ সঙ্গে থাকতে পারবেন। 

তবে আইপিএলে এ ধরনের কোনো নিয়ম নেই। এ ব্যাপারে আইপিএলে নতুন নিয়মের আভাস দেন বোর্ডের সেই কর্মকর্তা, ‘আগে আইপিএলে খেলোয়াড়দের হোটেলে প্রেমিকাদের থাকার অনুমতি ছিল না। কিন্তু এখন এটি একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।’