পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসর শেষ হতেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী ‘উইজডেন’। বিশ্বসেরা তারকাদের ভিড়ে এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানা।
পেশোয়ার জালমির হয়ে খেলা এই ডানহাতি পেসার পুরো আসরে নিয়মিত সুযোগ না পেলেও যখনই বল হাতে নিয়েছেন, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। মাত্র ৫ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৯টি উইকেট। বোলিং গড় (প্রায় ১০) এবং নিয়ন্ত্রিত ইকোনমি রেটের কারণে তিনি নির্বাচকদের নজর কাড়েন। তার গতি, কার্যকর শর্ট বল এবং নিখুঁত ইয়র্কার প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
নাহিদ রানা আসরের মাঝপথে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে ফিরেছিলেন। আন্তর্জাতিক সিরিজ শেষ করে পুনরায় অনুমতি পেয়ে তিনি পিএসএলের ফাইনাল পর্বে দলের সাথে যোগ দেন এবং সেখানেও তার প্রভাব বজায় রাখেন।
উইজডেন ঘোষিত এই একাদশের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবর আজম। দলে ওপেনার হিসেবে বাবর আজমের সঙ্গী শাহিবজাদা ফারহান। মিডল অর্ডারে রাখা হয়েছে কুশল মেন্ডিস, শান মাসুদ ও উসমান খানকে। অলরাউন্ডার হিসেবে আছেন শাদাব খান ও অ্যারন হার্ডি। আর বোলিং আক্রমণে নাহিদ রানার সঙ্গী হিসেবে আছেন হুনাইন শাহ, মোহাম্মদ আলী ও সুফিয়ান মুকিম।
উইজডেনের পিএসএল ২০২৬ সেরা একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।
মানবকণ্ঠ/আরআই




Comments