বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত কয়েক আসর ঘিরে চলা বিতর্ক, অব্যবস্থাপনা ও ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিয়মের অবসান ঘটাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মানসম্মত ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে শুধুমাত্র দায়বদ্ধতা থেকে ‘জোড়াতালি’ দিয়ে বিপিএল আয়োজন করা হবে না।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এসব কথা বলেন।
বিপিএলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তামিম বলেন, “আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো বড় টুর্নামেন্ট করব না। আমরা যদি পেশাদার ও ভালো মানের ফ্র্যাঞ্চাইজি না পাই, তবে আমার মনে হয় বিপিএল না করাই ভালো। শুধু করার জন্য বিপিএল করার কোনো মানে নেই। আমি সবসময় বিশ্বাস করি বিপিএল নিয়মিত হওয়া উচিত, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বচ্ছ ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাওয়া।”
বিপিএলের সাম্প্রতিক আসরগুলোতে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকা এবং দল পরিচালনায় চরম বিশৃঙ্খলা নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে ২০২৫ সালের আসরের ব্যবস্থাপনা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন।
একই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। তিনি বিপিএলের বিগত আসরগুলোর অব্যবস্থাপনা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়ে বলেন, “অতীতের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বিসিবিকে এখন ভুগতে হচ্ছে। দুটি দলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই তারা টুর্নামেন্ট খেলে ফেলেছে। দল দুটি হলো সিলেট ও নোয়াখালী। এছাড়া চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বও পরে বিসিবিকে নিজের কাঁধে নিতে হয়েছিল।”
ভবিষ্যতে এমন বিশৃঙ্খলা রোধে এবং ফ্র্যাঞ্চাইজি মালিকানা নির্বাচনে কঠোর মানদণ্ড অনুসরণের ইঙ্গিত দিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি।
মানবকণ্ঠ/ডিআর




Comments