বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩ সদস্যের একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই তথ্য নিশ্চিত করেছে।
গঠিত এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, এই নির্বাচন কমিশন বিদ্যমান বিধিমালা ও আইন অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশন স্বাধীনভাবে কাজ করবে।
এদিকে, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে কাউন্সিলরদের নামের তালিকা চেয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোতে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ মে’র মধ্যে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমা পার হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হবে।
দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই নির্বাচনকে ঘিরে ক্রীড়াঙ্গনে ইতোমধ্যেই উৎসবের আমেজ ও গুঞ্জন শুরু হয়েছে। নতুন এই কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দিকে তাকিয়ে আছে ক্রিকেট সংশ্লিষ্ট সকলে।
মানবকণ্ঠ/আরআই




Comments