ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি এই মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে সাকিবের কাছে ১ কোটি টাকা দাবি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে সাফ জানিয়ে দিয়েছেন, নির্দোষ হয়ে কোনো ধরনের অনৈতিক লেনদেনের পথে হাঁটবেন না তিনি।
সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান এই বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, টাকার একটি প্রস্তাব আমার কাছে এসেছে। বলা হয়েছে, এক কোটি টাকা দিলে মামলার এফআইআর থেকে আমার নাম কাটিয়ে দেওয়া হবে। কিন্তু যারা এই প্রস্তাব দিচ্ছে, আইনি প্রক্রিয়া সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নেই। একবার মামলা হয়ে গেলে চাইলেই নাম মুছে ফেলা যায় না; এর জন্য পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ও আইনি ক্লিয়ারেন্স প্রয়োজন যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।’
কারা এই প্রস্তাব দিয়েছে—এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, মামলার এফআইআর-এ বাদীপক্ষে যোগাযোগের জন্য যার নাম রয়েছে, তিনি দু-একজনের মাধ্যমে এই যোগাযোগ করেছেন। তবে সাকিব মধ্যস্থতাকারীদের নাম প্রকাশ করতে রাজি হননি।
টাকা দিয়ে দফারফা করার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এই বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এসব টাকা দিয়ে কেন করতে হবে? টাকা দেওয়ার অর্থ হলো আমার কোনো সমস্যা আছে এবং আমি বাঁচতে চাইছি। আমি নির্দোষ, তাই টাকা দেওয়ার প্রশ্নই আসে না। হতে পারে তারা ভেবেছে আমার অনেক টাকা, চাইলেই পাওয়া যাবে।’
উল্লেখ্য, গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গুলি চালানো হয়, যাতে রুবেল নিহত হন। এই ঘটনায় আদাবর থানায় মামলাটি করেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
সাকিব দীর্ঘদিন ধরে এই মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করে আসছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও দেশে ফেরার বিষয়টি আইনি জটিলতায় ঝুলে রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments