Image description

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতোমধ্যে সাদা বলের দুই ফরম্যাট—টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে দেশের হয়ে এখনও লাল বলের ক্রিকেটে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন এই ‘মিস্টার ডিপেন্ডেবল’। তিনি আর কতদিন টেস্ট ক্রিকেটে থাকছেন, তা নিয়ে ক্রিকেট ভক্তদের কৌতূহলের শেষ নেই।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন মুশফিক। অবসরের প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিটনেস ঠিক থাকা পর্যন্ত তিনি মাঠ ছাড়ছেন না।

মুশফিক বলেন, ‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই। এই বিষয়ে আমি কোনো কমপ্রোমাইজ (আপস) করব না।’

বয়স ৩৯ পেরোলেও মুশফিকের ফিটনেস এখনও দেশের অনেক তরুণ ক্রিকেটারের জন্য আদর্শ। নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে তিনি পরবর্তী প্রজন্মের জন্য একটি অনন্য মানদণ্ড তৈরি করে যেতে চান। তিনি মনে করেন, ক্রিকেটে টিকে থাকার জন্য ফিটনেসের কোনো বিকল্প নেই।

এই অভিজ্ঞ ব্যাটার আরও বলেন, ‘আমি অবসরের আগে দলের জন্য এমন একটা টোন সেট করে দিয়ে যেতে চাই, যাতে সবাই অন্তত নিজের ফিটনেসের ব্যাপারে আরও সজাগ হয়।’

সাদা বলের ক্রিকেটকে বিদায় দিলেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন মুশফিক। ফিটনেস এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে আরও কিছুদিন লাল বলের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি।

মানবকণ্ঠ/ডিআর