Image description

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামে দারুণ একটি ফিচার নিয়ে এসেছে। মেটার মালিকানাধীন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো রকম এডিটিং বা ফিল্টার ছাড়াই তাৎক্ষণিক ছবি তুলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, প্রাপক ছবিটি দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ঝকঝকে বা ভারী সম্পাদনা করা ছবির বদলে ব্যবহারকারীদের বাস্তব জীবনের সাধারণ ও স্বাভাবিক মুহূর্তগুলো তুলে ধরাই এই ফিচারের মূল লক্ষ্য। মূল অ্যাপের পাশাপাশি নির্বাচিত কিছু দেশে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’-এর একটি আলাদা কম্প্যানিয়ন অ্যাপও উন্মুক্ত করা হয়েছে।

নতুন এই ফিচারে ব্যবহারকারীরা কেবল তাদের ‘ক্লোজ ফ্রেন্ডস’ বা মিউচুয়াল ফলোয়ারদেরই ছবি পাঠাতে পারবেন। পাঠানো ছবিগুলো ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ ইনবক্সের নিচের ডানদিকের কোণায় একটি ছোট ছবির স্তূপ বা ফটো স্ট্যাক আকারে দেখা যাবে।

ছবিগুলো প্রাপকের কাছে একবার দেখার পরই মুছে গেলেও প্রেরকের কাছে তা হারাবে না। প্রেরকের নিজস্ব ‘প্রাইভেট আর্কাইভে’ এগুলো সর্বোচ্চ এক বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে, যা কেবল তিনিই দেখতে পারবেন। ব্যবহারকারী চাইলে পরে সেগুলো ‘স্টোরি রিক্যাপ’ হিসেবে পুনরায় শেয়ার করতে পারবেন। এ ছাড়া ভুলবশত কোনো ছবি চলে গেলে তা দ্রুত ফিরিয়ে আনতে ‘আনডু’ অপশনও যুক্ত করা হয়েছে। বন্ধুদের পাঠানো এই ছবিতে দেওয়া প্রতিক্রিয়া বা রিপ্লাই সরাসরি ইনবক্সে মেসেজ হিসেবে জমা হবে।

বাস্তব অনুভূতি বজায় রাখতে এই ফিচারে কোনো এডিটিং টুল বা ফিল্টার রাখা হয়নি। তবে ছবি পাঠানোর আগে ক্যাপশন যুক্ত করা যাবে, যা প্রাপক ছবি খোলার আগেই স্ক্রিনে দেখতে পাবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, স্ন্যাপচ্যাট বা বি-রিয়েলের মতো অ্যাপগুলোর আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেই ইনস্টাগ্রাম এখন নিখুঁত ছবির বদলে ব্যক্তিগত ও তাৎক্ষণিক যোগাযোগের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। নতুন এই ফিচারটি দৈনন্দিন জীবনের সাদামাটা মুহূর্তগুলো ভাগাভাগি করতে ব্যবহারকারীদের আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই