ফুটবল মাঠের জাদুকরী অধ্যায় শেষ করে এবার ব্যবসাক্ষেত্রেও অনন্য এক মাইলফলক ছুঁলেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। 'সানডে টাইমস রিচ লিস্ট'-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.১৮৫ বিলিয়ন পাউন্ড বা প্রায় ১৭ হাজার ৭৭৫ কোটি টাকায়। সানডে টাইমসের ধনী ক্রীড়াব্যক্তিত্বদের তালিকায় ২ বিলিয়ন পাউন্ড নিয়ে শীর্ষে রয়েছেন ফরমুলা ওয়ানের সাবেক প্রধান নির্বাহী বার্নি এক্লেস্টনের পরিবার। তবে সরাসরি পেশাদার ক্রীড়াবিদ হিসেবে বেকহ্যামই প্রথম এই বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন, তালিকায় তার অবস্থান দ্বিতীয়।
২০১৩ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর ইন্টার মায়ামির সহ-মালিকানা গ্রহণ করেন বেকহ্যাম। বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি এই ক্লাবটির বাজারমূল্য প্রায় ১.০৭ বিলিয়ন পাউন্ড। পাশাপাশি অ্যাডিডাস ও হুগো বস-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে লাভজনক চুক্তিতে যুক্ত আছেন ৫১ বছর বয়সী এই তারকা। অন্যদিকে, স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সম্পদের বড় একটি অংশ এসেছে তার সফল ফ্যাশন ব্র্যান্ড এবং জনপ্রিয় পপ ব্যান্ড 'স্পাইস গার্লস'-এর সদস্য হিসেবে অর্জিত খ্যাতি থেকে।
তালিকায় থাকা অন্যান্য শীর্ষ ক্রীড়াবিদদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন সাতবারের ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন (৪৩৫ মিলিয়ন পাউন্ড)। এরপর পর্যায়ক্রমে আছেন গলফার ররি ম্যাকলরি (৩২৫ মিলিয়ন পাউন্ড), বক্সার অ্যান্থনি জশুয়া (২৪০ মিলিয়ন পাউন্ড) এবং টাইসন ফুরি (১৬২ মিলিয়ন পাউন্ড)। এছাড়া ফুটবলার হ্যারি কেইন এবং সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ১১০ মিলিয়ন পাউন্ড সম্পদ নিয়ে যৌথভাবে দশম স্থানে রয়েছেন।
এদিকে, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের মধ্যে জিম র্যাটক্লিফের সম্পদ ১.৮৫ বিলিয়ন পাউন্ড কমে বর্তমানে ১৫.১৯৪ বিলিয়ন পাউন্ডে নেমে এসেছে। ঋণ ও লোকসানের কারণে তার প্রতিষ্ঠান ইনিওস-এর মূল্য হ্রাস পাওয়ায় এমনটা হয়েছে। তবে ক্রীড়া আয়োজক ব্যারি হার্ন ও তার ছেলে এডি হার্ন ১.০৩৫ বিলিয়ন পাউন্ড সম্মিলিত সম্পদ নিয়ে যুক্তরাজ্যের বিলিয়নিয়ার ক্লাবে নতুনভাবে জায়গা করে নিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments