Image description

সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়লেও লিটনের ১২৬ রানের লড়াকু ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। জবাবে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে পাকিস্তান।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। 

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। দলীয় শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর তানজিদ হাসান (২৬), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৯), মুমিনুল হক (২২) ও মুশফিকুর রহিম (২৩) থিতু হওয়ার আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়, ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হন লিটন দাস।

টেল-এন্ডারদের নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৫৯ বলে ১৬টি চার ও ২ টি ছক্কায় ১২৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন লিটন। দলের ৯ম উইকেট হিসেবে তিনি আউট হওয়ার আগে বাংলাদেশের স্কোরবোর্ডকে ২৭৮ পর্যন্ত নিয়ে যান। পাকিস্তানের পক্ষে খুররাম শাহজাদ ৮১ রানে ৪টি এবং মোহাম্মদ আব্বাস ৪৫ রানে ৩টি উইকেট শিকার করেন। হাসান আলী নেন ২ উইকেট।

২৭৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে পাকিস্তান। আজান আওয়াইস ১৩ ও আবদুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের চেয়ে এখনো ২৫৭ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। কাল দ্বিতীয় দিনে দুই দলই চাইবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে।

মানবকণ্ঠ/ডিআর