Image description

রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পাঁচ মাসের মধ্যেই নতুন ঠিকানা খুঁজে নিলেন জাবি আলোনসো। ৪৪ বছর বয়সি এই স্প্যানিশকে রোববার চার বছরের চুক্তিতে নতুন কোচ হিসাবে নিয়োগ দিয়েছে চেলসি। তার চুক্তি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। 

গত মাসে ব্যর্থতার দায়ে লিয়াম রোজনিয়রকে ছেঁটে ফেলার পর স্থায়ী প্রধান কোচ ছাড়াই খেলছিল ব্লুজরা। শনিবার এফএ কাপ ফাইনালে ম্যানসিটির কাছে ১-০ গোলে হারের পরদিন নতুন কোচের নাম ঘোষণা করল চেলসি।

রিয়ালে ব্যর্থ হলেও কোচ হিসাবে জার্মানিতে বেয়ার লেভারকুসেনকে নিয়ে ইতিহাস গড়েছেন আলোনসো। তার খেলোয়াড়ি জীবনও দারুণ সমৃদ্ধ। লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা।

এবার চেলসিতে নতুন অধ্যায় শুরু করলেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের ক্লাবটির দায়িত্ব পেয়ে গর্বিত আলোনসো, ‘বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব চেলসির কোচ হতে পারা আমার জন্য ভীষণ গর্বের ব্যাপার। আমরা এমন একটি দল গড়তে চাই, যারা শিরোপার জন্য লড়বে।’