আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উৎসবের এই দিনে বিনোদনের বাড়তি মাত্রা যোগ করতে টেলিভিশন ও অনলাইনে আজ থাকছে ক্রিকেট ও ফুটবলের জমজমাট সূচি। বিশেষ করে নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ রাতে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।
ক্রিকেট: আজ থেকে শুরু হচ্ছে নারীদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচে স্কটল্যান্ড লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি সরাসরি দেখা যাবে ‘ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ক’-এর ইউটিউব চ্যানেলে। এরপর রাত ৯টায় আয়ারল্যান্ড মুখোমুখি হবে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের, যা সরাসরি দেখাবে ‘ক্রিকেট আয়ারল্যান্ড’ ইউটিউব চ্যানেল।
রাতের বড় আকর্ষণ ভারত ও ইংল্যান্ড নারী দলের লড়াই। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে। এই বিগ ম্যাচটি সরাসরি দেখাবে সনি স্পোর্টস ও সনি লাইভ।
ফুটবল: নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভুটান। তবে ফুটবলপ্রেমীদের মূল নজর থাকবে রাত ৮টার ম্যাচের দিকে, যেখানে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। সাবিনা-সানজিদাদের এই লড়াইটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও ফ্যানকোড।
এছাড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যা ৬টায় লড়বে মিশর ও রাশিয়া। অন্যদিকে, দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র মুখোমুখি হবে কাতারের। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন ১ ও সনি লাইভে।
ঈদের ছুটির অবসরে প্রিয় দলের খেলা উপভোগ করতে ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের এই সূচি নিঃসন্দেহে এক বড় উপহার।
মানবকণ্ঠ/আরআই




Comments