আইপিএলে রেকর্ড গড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ ওপেনার। তবে বড় চমক হয়ে এসেছে বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের দল থেকে বাদ পড়া।
বিসিসিআই ঘোষিত এই দলে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার পথে। আয়ারল্যান্ড বা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই তিনি হবেন ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমানে এই রেকর্ডটি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে।
১৯৮৯ সালে শচীন যখন অভিষেক করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। মাত্র ১৫ বছর বয়সেই দলে ডাক পেয়ে শচীনের সেই ৩৬ বছরের পুরনো রেকর্ড ভাঙার অপেক্ষায় এখন সূর্যবংশী।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে জেতানোর ঠিক পরেই বড় এক ধাক্কা খেলেন সূর্যকুমার যাদব। শিরোপাজয়ী এই অধিনায়ককে ছাড়াই পরবর্তী সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিলক ভার্মা। বিশ্বকাপ জেতানোর পরপরই কেন সূর্যকুমারকে বাদ দেওয়া হলো, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।
ঘোষিত ১৬ সদস্যের দলে বৈভব ছাড়াও সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব। এছাড়া আইপিএলে ছন্দে থাকা অভিশেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি এবং হার্শিত রানাদের ওপর আস্থা রেখেছে নির্বাচক কমিটি। সিনিয়রদের মধ্যে দলে রয়েছেন মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল ও সাঞ্জু স্যামসন।
ভারতের ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিশেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদিপ সিং, শিবাম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।
বিশ্বকাপ জয়ের উৎসব শেষ হতে না হতেই সম্পূর্ণ নতুন চেহারার এই ভারতীয় দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশনে কেমন করে, এখন সেটিই দেখার বিষয়। বৈভব সূর্যবংশীর অভিষেক ম্যাচটি দেখার জন্য মুখিয়ে আছে কোটি কোটি ক্রিকেট ভক্ত।




Comments