ওলিসের হ্যাটট্রিকে ফ্রান্সের উড়ন্ত জয়, বিশ্বকাপ প্রস্তুতির সফল সমাপ্তি
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে ফ্রান্স। ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসের অনবদ্য হ্যাটট্রিকে দিদিয়ের দেশমের দল এই দাপুটে জয় পায়। আসন্ন বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়তে যাওয়া দেশমের জন্য ঘরের মাঠে এটিই ছিল শেষ ম্যাচ, যা ওলিসের হ্যাটট্রিকে স্মরণীয় হয়ে রইল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা ফ্রান্স প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে ওলিসের গোলে এগিয়ে যায়। বিরতির পর নর্দার্ন আয়ারল্যান্ডের রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোলটি করেন বায়ার্ন মিউনিখের এই তারকা। এরপর ম্যাচের ৬৪ মিনিটে প্যাট্রিক কেলি নর্দার্ন আয়ারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করে ব্যবধান কমালেও, ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে ওলিসের চোখধাঁধানো বাঁকানো শটে তার হ্যাটট্রিক পূর্ণ হওয়ার পাশাপাশি ফ্রান্সের জয় নিশ্চিত হয়।
পুরো ম্যাচে ২৭টি শট নিয়ে একচ্ছত্র আধিপত্য দেখানো ফ্রান্সের লক্ষ্য এখন আগামী ১৫ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ পুনরুদ্ধার অভিযান শুরু করা।
মানবকন্ঠ/আরআই




Comments