Image description

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টির কারণে কমানো হয়েছে ওভারের সংখ্যা। নতুন নির্ধারিত দৈর্ঘ্য অনুযায়ী, জয়ের জন্য ৪১ ওভারে ১৯২ রান করতে হবে টাইগারদের।

প্রথমে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। এরপরই বেরসিক বৃষ্টি নামলে অজিদের ইনিংস সেখানেই থেমে যায়। দীর্ঘক্ষণ পর বৃষ্টি থামলে বিকেল ৫টা ১৫ মিনিটে ম্যাচ পুনরায় শুরুর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বৃষ্টি আইনে (ডিএলএস) বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

ওভার কমায় পাওয়ার প্লের নিয়মেও এসেছে পরিবর্তন। পরিবর্তিত নিয়মে প্রথম পাওয়ার প্লে হবে ১ থেকে ৮ ওভার পর্যন্ত, দ্বিতীয় পাওয়ার প্লে ৯ থেকে ২৫ ওভার এবং তৃতীয় পাওয়ার প্লে ২৬ থেকে ৪১ ওভার পর্যন্ত। এছাড়া এই ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করার সুযোগ পাবেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে অজিরা। তবে সাত ও আট নম্বরে নামা মারনাস লাবুশেন ও জেভিয়ের বার্টলেটের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। লাবুশেন ৮৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন এবং বার্টলেট ৪৮ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন। এছাড়া জশ ইংলিস ৩৮ বলে করেন ৩৪ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে গতির ঝড় তোলেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাসকিন ৮ ওভারে ৩৩ রান এবং মুস্তাফিজ ৭ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার তানভির ইসলাম তুলে নেন মূল্যবান ২টি উইকেট।

মানবকণ্ঠ/আরআই