Image description

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ—ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের পর্দা উঠছে আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে এখন টানটান উত্তেজনা।

উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ কখন?
এবার তিন দেশে আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও প্রথম খেলা শুরু হচ্ছে মেক্সিকোতে।

ভেন্যু: মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু: আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১১টায়।

উদ্বোধনী ম্যাচ (মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা): আজ রাত ১টায়।

২০১০ বিশ্বকাপের মতো এবারও ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণিল এই আয়োজন। এছাড়া কানাডার উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে এবং যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান হবে শনিবার (১৩ জুন) ভোর সাড়ে ৫টায়।

মঞ্চ কাঁপাবেন যারা:
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ঐতিহ্যবাহী 'পাপেল পিকাডো' শিল্প ও আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে। মঞ্চ মাতাবেন পপ কুইন শাকিরা, বার্না বয়, জে বালভিন এবং লিলা ডাউনস।

কানাডার অনুষ্ঠানেও থাকছে বড় চমক। সেখানে নোরা ফাতেহি, মাইকেল বুবলে এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় পারফর্ম করবেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মঞ্চে থাকছেন কেটি পেরি, ফিউচার, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা এবং নাইজেরিয়ার রেমার মতো বিশ্বখ্যাত তারকারা।

কোথায় দেখবেন খেলা?
বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন, বিটিভি এবং টি-স্পোর্টস।

ডিজিটাল প্ল্যাটফর্মে স্মার্টফোন বা কম্পিউটার থেকে খেলা দেখা যাবে টফি, মাই রবি এবং বায়োস্কোপ অ্যাপ ও ওয়েবসাইটে।

প্রথম ম্যাচে নজর কাড়বে যারা:
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর হয়ে মাঠে নামবেন তারকা ফরোয়ার্ড সান্তিয়াগো হিমেনেস এবং অভিজ্ঞ গোলরক্ষক গিয়েরমো ওচোয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে নজর থাকবে তেবোহো মোকোয়েনা এবং লাইল ফস্টারের ওপর।

ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে, যা ফুটবল প্রেমীদের জন্য আগামী দেড় মাস এক অনন্য উন্মাদনা বয়ে আনবে।

মানবকণ্ঠ/ডিআর