অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৭ জুন) দুপুর ২টায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগমুহূর্তে টাইগার স্কোয়াডে যুক্ত হলেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার।
মঙ্গলবার (১৬ জুন) সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সৌম্যকে দলে ডাকার বিষয়টি নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের নাম ছিল না। তবে শেষ মুহূর্তে তাকে অন্তর্ভুক্ত করা হলেও আগের স্কোয়াড থেকে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়া হয়নি। ফলে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড এখন ১৬ সদস্যের।
সংশ্লিষ্টদের ধারণা, নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটের শঙ্কা থেকেই ব্যাকআপ হিসেবে সৌম্যকে দলে রাখা হয়েছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পাওয়ার পর লিটনকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। এমনকি সেই ম্যাচে তিনি উইকেটকিপিংয়ের দায়িত্বও পালন করেননি। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে স্কোয়াডে যুক্ত করেছে নির্বাচক প্যানেল।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪৬২ রান সংগ্রহ করেছেন সৌম্য সরকার। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি; যেখানে দ্বিতীয় ম্যাচে ৪২ রান করলেও শেষ ম্যাচে আউট হয়েছেন মাত্র ২ রানে। এবার টি-টোয়েন্টিতে সুযোগ পেলে নিজের চেনা ছন্দে ফেরার লক্ষ্য থাকবে তার।
উল্লেখ্য, ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে টাইগাররা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। সেই সাফল্যের ধারাবাহিকতা টি-টোয়েন্টি ফরম্যাটেও ধরে রাখতে মরিয়া স্বাগতিকরা। সিরিজের সবগুলো ম্যাচই চট্টগ্রামের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের হালনাগাদ টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
মানবকণ্ঠ/ডিআর




Comments