Image description

বয়স ৩৯ ছুঁই ছুঁই, কিন্তু মাঠের সবুজ গালিচায় তিনি এখনও সেই চিরচেনা জাদুকর। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শুরুতেই হ্যাটট্রিক করে লিওনেল মেসি বুঝিয়ে দিলেন—কেন তাকে ইতিহাসের সেরা বলা হয়। একই দিনে ফুটবল বিশ্বের দুই উজ্জ্বল নক্ষত্র কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হালান্ড নিজ নিজ ম্যাচে জোড়া গোল করলেও, পাদপ্রদীপের সব আলো যেন একাই কেড়ে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।

আলজেরিয়ার বিপক্ষে মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সে বিমোহিত বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফরোয়ার্ড আরলিং হালান্ডও। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে মুগ্ধতা প্রকাশ করে হালান্ড লিখেছেন, ‘মেসি একটা পাগল’ (Messi is a beast)।

ম্যাচে মেসির হ্যাটট্রিকের তিনটি গোলের মধ্যে দুটিই ছিল ডি-বক্সের বাইরে থেকে করা দর্শনীয় শট। নিখুঁত বাঁ-পায়ের সেই ফিনিশিং দেখে আরও একবার ফুটবল বিশ্ব থমকে দাঁড়িয়েছে। তরুণ তুর্কিদের গোলবন্যার দিনেও ৩৯ বছর বয়সী মেসির শ্রেষ্ঠত্বই এখন ফুটবল পাড়ার প্রধান আলোচনার বিষয়।

নিজের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে মেসি আর কত কী বিস্ময় উপহার দেবেন, সেই অপেক্ষাতেই এখন প্রহর গুনছে কোটি ফুটবল ভক্ত। আলজেরিয়াকে উড়িয়ে দিয়ে মিশন শুরু করা মেসির আর্জেন্টিনা এখন গ্রুপ টেবিলের শীর্ষে।

মানবকণ্ঠ/ডিআর