২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ হাইতি। ম্যাচটি নিয়ে ভক্তদের উন্মাদনার মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের একটি হাঙর, যার নাম ‘রিতিনিয়া’। আসন্ন এই ম্যাচে কোন দল জিতবে, তা নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করেছে হাঙরটি।
বৃহস্পতিবার (১৮ জুন) অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষের আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রিতিনিয়ার সামনে ব্রাজিল ও হাইতির প্রতীকযুক্ত দুটি বিকল্প রাখা হয়। সেখানে হাঙরটি ব্রাজিলের প্রতীক বেছে নেয়, যাকে সেলেসাওদের জয়ের পরিষ্কার ইঙ্গিত হিসেবেই ধরে নিচ্ছেন সমর্থকরা।
অবশ্য এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষেও ব্রাজিলের জয়ের পক্ষে মত দিয়েছিল রিতিনিয়া। তবে সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় হাঙরটির প্রথম ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল তুলনামূলক দুর্বল দল হাইতি। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে আসরে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে ব্রাজিলের।
বিশ্বকাপ বা বড় কোনো ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের রেওয়াজ বেশ পুরোনো। ২০১০ সালের বিশ্বকাপে ‘পল’ নামের একটি অক্টোপাস একের পর এক সঠিক ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। পলের সেই স্মৃতিকেই যেন ফিরিয়ে আনতে রিও ডি জেনেইরোর অ্যাকুয়ারিয়ামে রিতিনিয়াকে নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে।
এখন সবার দৃষ্টি মাঠের লড়াইয়ে, দেখার অপেক্ষা— হাঙর রিতিনিয়ার এবারের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়!
মানবকণ্ঠ/আরআই




Comments