অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার (২১ জুন) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।
তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মান রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রথম ম্যাচে ৪ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানের জয় পেয়ে সফরকারীরা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। আগের ম্যাচে দুই দল মিলিয়ে ৩৮৫ রান ওঠায় এবারও বড় স্কোরের প্রত্যাশা রয়েছে।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন সাকলাইন ও মুস্তাফিজুর রহমান। তাদের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপে রয়েছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন। অলরাউন্ডার হিসেবে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
অন্যদিকে সিরিজ জয় নিশ্চিত করা অস্ট্রেলিয়া কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে। অধিনায়ক মিচেল মার্শের নেতৃত্বে জশ ইংলিস, টিম ডেভিড, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পাদের নিয়ে গড়া দলটি সফর শেষ করতে চায় পূর্ণ সাফল্যের সঙ্গে।
ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্য পেলেও টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তাই শেষ ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজ শেষ করাই এখন স্বাগতিকদের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
মানবকণ্ঠ/আরআই




Comments