২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে ইরাককে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি দুই ঘণ্টারও বেশি সময় স্থগিত থাকলেও মাঠে ফেরার পর দাপট ধরে রেখে জয় নিশ্চিত করে ফরাসিরা।
এদিন ফ্রান্সের জার্সিতে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে মাত্র ১৪ মিনিটেই গোল করেন এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের এক দুর্দান্ত শটে ইরাকি গোলকিপারকে পরাস্ত করেন ২৭ বছর বয়সী এই তারকা।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৫-তে নিয়ে যান এমবাপ্পে, যা তাকে সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর পাশে বসিয়ে দেয়। প্রথমার্ধের বাকি সময় ইরাকের রক্ষণভাগে ভীতি ছড়ালেও ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স।
প্রথমার্ধ শেষে বিরতির পর খারাপ আবহাওয়ার কারণে দীর্ঘ ২ ঘণ্টা খেলা বন্ধ থাকে। তবে ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর পরপরই ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। ৫৪ মিনিটে ইরাকের ডিফেন্ডার আহমেদ কাসেমের ভুল ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন গোলরক্ষক আহমেদ বাসিল। সেই সুযোগে উসমান দেম্বেলে বল কেড়ে নিয়ে নিঃস্বার্থভাবে বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। সহজ টোকায় বল জালে জড়ান তিনি। এই গোলে বিশ্বকাপে ১৬ গোল করে মিরোস্লাভ ক্লোসাকে স্পর্শ করলেন এমবাপ্পে। বর্তমানে ১৮ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি।
ম্যাচের ৬৬ মিনিটে বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম গোলের দেখা পান উসমান দেম্বেলে। মাইকেল ওলিসের বাড়ানো বল থেকে দারুণ ক্ষিপ্রতায় লক্ষ্যভেদ করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে মাঠ ছাড়ে ফরাসিরা।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও সুসংহত করল ফ্রান্স। সেই সঙ্গে নক-আউট পর্বের দৌড়েও বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments