ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কলম্বিয়া। তবে প্রথমার্ধে কঙ্গোর জমাট রক্ষণ ও গোলরক্ষক লিওনেল এমপাসির অসাধারণ কিছু সেভের কারণে গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের ৮ম মিনিটে দানিয়েল মুনিয়োজ জালের দেখা পেলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও গোলের নেশায় মরিয়া হয়ে খেলতে থাকে কলম্বিয়া। অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে কাঙ্ক্ষিত সেই ডেডলক ভাঙেন দানিয়েল মুনিয়োজ। ডান প্রান্ত থেকে কলম্বিয়ার আক্রমণভাগের চমৎকার এক বিল্ড-আপে বক্সের ভেতর মাপা ক্রস বাড়িয়েছিলেন উইঙ্গার। কঙ্গোর ডিফেন্ডারদের পরাস্ত করে পোস্টের খুব কাছ থেকে প্রথম স্পর্শেই দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান মুনিয়োজ। এই গোলের সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ে গুয়াদালাহারার গ্যালারি।
ম্যাচের ৮০ মিনিটে লুইস দিয়াজ একটি দর্শনীয় গোল করলেও সেটিও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। নির্ধারিত সময় শেষে ১-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’-এর টেবিলের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া, যার মাধ্যমে তাদের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হলো। অন্যদিকে প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করা কঙ্গো ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। এই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে পর্তুগাল এবং তলানিতে অবস্থান করছে উজবেকিস্তান।
মানবকণ্ঠ/ডিআর




Comments