লিওনেল মেসি আজ ৩৯ বছর পূর্ণ করলেন। বিশ্বকাপের মাঝপথে তার এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চমক নিয়ে হাজির হয়েছেন আর্জেন্টিনা দলের সতীর্থরা।
জন্মদিন উপলক্ষে সতীর্থরা কেক নিয়ে মেসির কাছে যান এবং সবাই মিলে কেক কেটে উদযাপন করেন তার ৩৯তম জন্মদিন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও একটি ছবি শেয়ার করেছেন মেসি। ছবিতে একটি টেবিলের ওপর রাখা কেক দেখা যায়, যার ওপরে ‘৩৯’ সংখ্যার মোমবাতি জ্বলছিল।
উদযাপনের সময় মেসির পাশে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো। তাদের সঙ্গে দলের সাপোর্ট স্টাফের একজন সদস্যও ছিলেন। সবার মুখে হাসি দেখে বোঝা যাচ্ছিল, আর্জেন্টিনা দলটি মাঠের বাইরে একটি সুখী পরিবারের মতোই ঐক্যবদ্ধ।
চলমান বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ ‘জে’র চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের করা পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে। ফলে ১৮ গোল নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন।
বিশ্বকাপ সাধারণত জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্ট চলাকালেই জন্মদিন উদযাপনের সুযোগ পান মেসি। তবে ২০২২ সালের বিশ্বকাপ ছিল ব্যতিক্রম, যা অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর-ডিসেম্বরে। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপেও জন্মদিনের সময় জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি।
ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করে ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিলেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা এবং একটি বিশ্বকাপসহ মোট চারটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছেন এই কিংবদন্তি ফুটবলার। তার ৩৯তম জন্মদিনে সতীর্থদের এমন উষ্ণ আয়োজন বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও আনন্দের আবহ ছড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা শিবিরে।




Comments