রিয়াল মাদ্রিদের জার্সিতে বরাবরই উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ব্রাজিলের হয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এবার বিশ্বকাপের মঞ্চে সেই সব প্রশ্নের জবাব দিচ্ছেন মাঠের পারফরম্যান্স দিয়েই।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, আর একটি গোল এসেছে মাতেউস কুনিয়ার পা থেকে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ভিনি। তিন ম্যাচে তার গোলসংখ্যা এখন ৪। আরও অবাক করার বিষয়, ব্রাজিলের হয়ে আগের ৪৯ ম্যাচে তার গোল ছিল মাত্র ৯টি। অথচ এবারের বিশ্বকাপে টানা তিন ম্যাচেই গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচের সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। স্কট ম্যাককেনার ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে সহজেই গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করেন তিনি।
২২ মিনিটে আবারও বল জালে পাঠান ভিনি। গোল উদযাপনও শুরু করেছিলেন সাম্বা নাচে। কিন্তু ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করে দেন রেফারি। বল দখলের আগে জ্যাক হেন্ড্রির সঙ্গে সংঘর্ষকে ফাউল হিসেবে বিবেচনা করা হয়।
বিরতির আগে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। মাতেউস কুনিয়ার একটি শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও গোলরক্ষক তা রুখে দেন।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রুনো গুইমারাইসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৮ মিনিটে স্কট ম্যাকটমিনির হেড সহজেই তালুবন্দি করেন অ্যালিসন বেকার। তিন মিনিট পর হ্যাটট্রিকের সুযোগ পেলেও অ্যাঙ্গাস গানের সেভে বঞ্চিত হন ভিনি।
অবশেষে ৬০ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন মাতেউস কুনিয়া। ব্রুনো গুইমারাইসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি।
৬৪ মিনিটে ম্যাকটমিনির আরেকটি দুর্দান্ত হেড অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন অ্যালিসন বেকার। এরপর ৭৬ মিনিটে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর এটাই ছিল ব্রাজিলের জার্সিতে তার প্রথম ম্যাচ। তাকে মাঠে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
শেষদিকে আরও কয়েকবার হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু অ্যাঙ্গাস গানের দৃঢ়তায় সেই স্বপ্ন পূরণ হয়নি। অন্যদিকে স্কটল্যান্ডও কয়েকটি সুযোগ পেলেও অ্যালিসনকে পরাস্ত করতে ব্যর্থ হয়।
ফলে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ৭ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে রানার্সআপ হয়েছে মরক্কো। স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট, আর কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছে হাইতি।




Comments