বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের গোল বাতিলের ঘটনায় ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবহারে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি গোলের উদাহরণ দিয়ে নিরপেক্ষ বিচার দাবি করেছে তারা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেও রেফারির একটি সিদ্ধান্ত মানতে পারছে না ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস জালের দেখা পেলেও ভিএআর পর্যালোচনায় তা বাতিল করা হয়। কারণ হিসেবে বলা হয়, গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। অথচ মাঠের রেফারি মেক্সিকোর সিজার রামোস শুরুতে একে ফাউল মনে করেননি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘এস্তাদাও’-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফাকে দেওয়া চিঠিতে সিবিএফ প্রশ্ন তুলেছে—ভিএআর কেবল ‘স্পষ্ট ও সুস্পষ্ট’ ভুলের ক্ষেত্রে হস্তক্ষেপ করার কথা থাকলেও ভিনিসিয়ুসের ক্ষেত্রে কেন ভিন্ন নীতি অনুসরণ করা হলো?
নিজেদের দাবির পক্ষে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির করা একটি গোলকে উদাহরণ হিসেবে টেনেছে ব্রাজিল। সিবিএফের দাবি, মেসির ওই গোলের সময়ও প্রায় একই ধরনের পরিস্থিতি থাকলেও সেখানে ভিএআর কোনো হস্তক্ষেপ করেনি। ফলে সব দলের ক্ষেত্রে সমান ও স্বচ্ছ মানদণ্ড প্রয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের দাবি, কোনো নির্দিষ্ট সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা নয় বরং টুর্নামেন্টজুড়ে ভিএআর ব্যবহারে ধারাবাহিকতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
পাশাপাশি স্কটল্যান্ড ম্যাচে সিজার রামোসকে রেফারি হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছে সিবিএফ। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে তার বিতর্কিত সিদ্ধান্তের ইতিহাস টেনে ব্রাজিল জানায়, নিরপেক্ষতা বজায় রাখতে ফিফার অন্য কোনো রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত ছিল।
তবে মাঠের বাইরের এই বিতর্কের মধ্যেও স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী ২৯ জুন রাউন্ড-৩২-এর হাইভোল্টেজ ম্যাচে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments