Image description

ফুটবল বিশ্বকাপের আসল রোমাঞ্চ শুরু হতে যাচ্ছে এবার। গ্রুপ পর্বের নাটকীয়তা, গাণিতিক হিসাব-নিকাশ আর নানা অঘটন পেরিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে ‘রাউন্ড অব ৩২’-এর লাইনআপ। নকআউট পর্বের এই ‘ডু অর ডাই’ লড়াইয়ে এখন আর ভুল করার কোনো সুযোগ নেই; হারলেই বিদায়, আর জিতলে টিকে থাকবে শিরোপার স্বপ্ন।

এবারের আসরের তিন স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা সফলভাবে প্রথম রাউন্ডের বাধা টপকে নকআউটে জায়গা করে নিয়েছে। তবে ড্রয়ের পর তিন স্বাগতিকের মধ্যে মেক্সিকো কিছুটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগামী ১ জুলাই মেক্সিকো সিটিতে শক্তিশালী ইকুয়েডরের মুখোমুখি হতে হবে তাদের।

এদিকে নকআউট পর্বের ড্র অনুযায়ী, টুর্নামেন্টের বেশ কয়েকটি শক্তিশালী দল একই ব্র্যাকেটে পড়েছে। সবকিছু ঠিক থাকলে ‘রাউন্ড অব ১৬’ বা শেষ ষোলোতেই দেখা হয়ে যেতে পারে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও জার্মানির।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের নকআউট মিশন শুরু করছে আগামী ২৯ জুন রাত ১১টায় জাপানের বিপক্ষে। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ড্র নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে লিওনেল মেসির দল মুখোমুখি হবে চমক জাগিয়ে এই পর্বে উঠে আসা আফ্রিকান দেশ কেপ ভার্দের। এই বাধা পার হতে পারলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশরের মধ্যে জয়ী দল।

আগামী ২৯ জুন (রোববার) রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে নকআউটের এই লড়াই। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ৪ জুলাই শেষ হবে রাউন্ড অব ৩২-এর ডামাডোল।

এক নজরে রাউন্ড অব ৩২-এর পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

২৯ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (রাত ১:০০টা)

২৯ জুন: ব্রাজিল বনাম জাপান (রাত ১১:০০টা)

৩০ জুন: জার্মানি বনাম সেরা তৃতীয় দল (রাত ২:৩০টা)

৩০ জুন: নেদারল্যান্ডস বনাম মরক্কো (সকাল ৬:০০টা)

৩০ জুন: আইভরি কোস্ট বনাম নরওয়ে (রাত ১১:০০টা)

১ জুলাই: ফ্রান্স বনাম সুইডেন (রাত ৩:০০টা)

১ জুলাই: মেক্সিকো বনাম ইকুয়েডর (সকাল ৬:০০টা)

১ জুলাই: ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (রাত ১০:০০টা)

২ জুলাই: বেলজিয়াম বনাম সেনেগাল (রাত ২:০০টা)

২ জুলাই: যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া (সকাল ৬:০০টা)

৩ জুলাই: স্পেন বনাম অস্ট্রিয়া (রাত ১:০০টা)

৩ জুলাই: পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (ভোর ৫:০০টা)

৩ জুলাই: সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (সকাল ৬:০০টা)

৪ জুলাই: অস্ট্রেলিয়া বনাম মিসর (রাত ১২:০০টা)

৪ জুলাই: আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (ভোর ৪:০০টা)

৪ জুলাই: কলম্বিয়া বনাম ঘানা (সকাল ৭:৩০টা)

মানবকণ্ঠ/ডিআর