২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্যতম রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। গোল পাল্টা গোলের লড়াই শেষে ৩-৩ সমতায় শেষ হয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচটি। আর এই ড্রয়ের সুবাদে ‘জে’ গ্রুপ থেকে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে শেষ ৩২ (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে দুই দলই।
এই গ্রুপ থেকে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রেখেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে দ্বিতীয় ও তৃতীয় স্থানের লড়াইয়ে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মধ্যকার এই ম্যাচটি ছিল অলিখিত ‘ফাইনাল’।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকরা টানটান উত্তেজনা উপভোগ করেন। তবে ম্যাচের আসল নাটকীয়তা জমা ছিল শেষ মুহূর্তের জন্য। অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ ব্যবধানে এগিয়ে গেলে অস্ট্রিয়ার বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করে। তবে হাল ছাড়েনি অস্ট্রিয়ানরা। শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৩-৩ সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত এই রুদ্ধশ্বাস ড্রয়ে দুই দলই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে।
এই ফলাফলের পর গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে অস্ট্রিয়া। নকআউট পর্বের প্রথম ম্যাচে তাদের মোকাবিলা করতে হবে শক্তিশালী স্পেনকে। অন্যদিকে অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
মানবকণ্ঠ/ডিআর




Comments