Image description

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘ ১০ বছর ধরে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এক দশকের এই সম্পর্কে তারা দুই সন্তানের বাবা-মা হয়েছেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।

রোনালদোর মোট পাঁচ সন্তান রয়েছে। তাদের মধ্যে দুই সন্তানের মা জর্জিনা। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়েই সুখের সংসার তাদের। এবার সেই সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামী সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন রোনালদো ও জর্জিনা।

স্পেনের জনপ্রিয় সাময়িকী হোলা–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ও জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিয়ের আয়োজনের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই তারকা জুটি।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রস্তাবে সম্মতি জানান জর্জিনা। একই সঙ্গে রোনালদোর দেওয়া বহুমূল্য হীরার আংটির ছবিও প্রকাশ করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই বিয়ের মঞ্চে যেতে পারব।’

‘হোলা’র প্রকাশিত প্রতিবেদন নিয়ে রোনালদো কিংবা জর্জিনা এখনো কোনো মন্তব্য করেননি। তবে তারা প্রতিবেদনটিরও প্রতিবাদ করেননি। ফলে অনেকের ধারণা, বিয়ের খবরটি পুরোপুরি ভিত্তিহীন নয়।

ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ে থাকা ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এবার দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। আর সেই খবরে উচ্ছ্বসিত হয়েছেন বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত।