২০২৬ ফিফা বিশ্বকাপে রোমাঞ্চকর এক লড়াইয়ে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে রাউন্ড অব ১৬ বা শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে মরক্কো। মেক্সিকোর গুয়াদালুপের এস্তাদিও মন্টেরিতে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ডাচ শিবিরে উল্লাস বয়ে আনেন কোডি গাকপো। ক্রাইসেন্সিও সামারভিলের সহায়তায় গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হয়নি ডাচদের। নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে (৯০+১ মিনিট) চেমসডিন তালবির অ্যাসিস্টে দুর্দান্ত এক হেডে গোল করে মরক্কোকে সমতায় ফেরান ডিফেন্ডার ইসা দিওপ।
অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানে নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার এবং ক্রাইসেন্সিও সামারভিলের মিস ডাচদের পরাজয় নিশ্চিত করে। অন্যদিকে মরক্কোর হয়ে সুফিয়ান রাহিমি ও চেমসডিন তালবি গোল করার পর শেষ পেনাল্টিতে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন ইসমায়েল সাইবারি।
পুরো ম্যাচে মরক্কোর আধিপত্য ছিল চোখে পড়ার মতো। পরিসংখ্যান অনুযায়ী, ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা ডাচদের গোলমুখে ১২টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে নেদারল্যান্ডস মাত্র ৭টি শট নিতে সক্ষম হয়। এই ঐতিহাসিক জয়ের ফলে নেদারল্যান্ডসকে বিদায় করে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল মরক্কো।
মানবকণ্ঠ/ডিআর




Comments