Image description

হারারে টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের যখন রীতিমতো শাসন করছিল জিম্বাবুয়ের ব্যাটাররা, তখন বল হাতে একাই লড়াই চালিয়ে গেছেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়েকে ৪১০ রানে অলআউট করার পথে তিনি তুলে নিয়েছেন ৭টি উইকেট। যদিও স্বাগতিকরা ইতিমধ্যে ২৭০ রানের বিশাল লিড পেয়েছে, তবুও হাল ছাড়তে রাজি নন তাইজুল।

মঙ্গলবার দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং সাফল্যের রহস্য জানিয়ে তাইজুল বলেন, "যেকোনো কন্ডিশনেই বল হাতে শৃঙ্খলা ধরে রাখাটা জরুরি। একজন বোলার যদি লাইন-লেন্থ ও শৃঙ্খলা বজায় রেখে বল করে যেতে পারে, তবে সাফল্য আসবেই। আমি সবসময় এটাই মেনে চলার চেষ্টা করি। ব্যাটার কোন শট পছন্দ করছে আর কোনটা করছে না, তা বুঝে বল করার চেষ্টা করেছি।"

পিচের কন্ডিশন নিয়ে তাইজুল আরও জানান, হারারের উইকেটে পেসারদের জন্য সহায়তা থাকলেও ময়েশ্চারের কারণে স্পিনাররা সুবিধা পাচ্ছেন। পিচে টার্ন ও বাউন্স দুটোই আছে, যা তাকে উইকেট পেতে সাহায্য করেছে।

ম্যাচে পিছিয়ে থাকলেও প্যারাগুয়ের মতো ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়ে লড়াই করতে চায় বাংলাদেশ। তাইজুল আশাবাদী হয়ে বলেন, "ম্যাচটি বেশ উত্তেজনাকর হবে। প্রথম দিনের চেয়ে আজ উইকেট ভালো ছিল। আমার মনে হয় উইকেট দিন দিন আরও ভালো হচ্ছে। আমাদের ব্যাটাররা যদি ভালো কয়েকটি জুটি গড়তে পারে, তবে আমরা বড় সংগ্রহ দাঁড় করাতে পারব এবং ম্যাচটিও আমাদের দিকে আসবে।"

তিনি আরও যোগ করেন, "দলের সবাই বর্তমানে ইতিবাচক মানসিকতায় আছে। আমরা চাচ্ছি ভালো জুটি গড়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই মিলে লড়ে যাব।"

মানবকণ্ঠ/ডিআর