Image description

বিশ্বকাপ জয়ের পুরস্কার শুধু ট্রফিতেই সীমাবদ্ধ থাকছে না মার্কিন ফুটবলারদের জন্য, থাকছে এক চমকও। ট্রফির পাশাপাশি তাদের একটি ফুটবলকে পাঠানো হবে চাঁদে! যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে এমনই এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছে নাসার মহাকাশ বিজ্ঞানীরা।

নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন। মার্কিন ফুটবলারদের উদ্দেশে তার বার্তা ছিল, ‘চ্যালেঞ্জটা তোমাদের জন্য। বিশ্বকাপ জেতো। বাকিটা আমরা দেখছি।’

বিশ্বকাপ উপলক্ষে নাসা এরই মধ্যে একটি ফিফার অফিশিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছে। তবে আইজ্যাকম্যান বলছেন, ‘যুক্তরাষ্ট্র যদি সত্যিই বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলে সেই ফুটবল আরও অনেক দূর-চাঁদে নিয়ে যাওয়া হবে।’

এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন ১৯৭১ সালের অ্যাপোলো-১৪ অভিযানের মহাকাশচারী অ্যালান শেপার্ডকে। চাঁদের মাটিতে গলফ ক্লাব দিয়ে কয়েকটি শট মেরে ইতিহাস গড়েছিলেন শেপার্ড। নাসাপ্রধানের ভাষায়, ‘আমরা অ্যালান শেপার্ডকেও ছাড়িয়ে যেতে চাই। আমরা চাঁদে একটি ফুটবল নিয়ে যাব।’

অবশ্য সেটি শুধু প্রতীকী সফরই হবে না। নাসার পরিকল্পিত চাঁদের ঘাঁটির জন্য যেসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানো হবে, ফুটবলটিও সেই পেলোডের অংশ হিসেবেই যাবে।

শিরোপা জয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এখনো পাড়ি দিতে হবে বহু দূর। সান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার  সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ৪৫ ও ৮২ মিনিটে গোল করেছেন ফোলারিন বালোগান ও মালিক টিলমান। বালোগান অবশ্য ৬৪ মিনিটে লাল কার্ড দেখেছেন। তবে ঠিকই জয় তুলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিয়াটলে শেষ ষোলোতে তারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ।

মানবকণ্ঠ/এমআর