Image description

২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠজুড়ে এখন নকআউট পর্বের টানটান উত্তেজনা। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিচ্ছে ফুটবলারদের একেকটি বুলেট গতির শট। আধুনিক প্রযুক্তির সহায়তায় এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির শটে গোল করার রেকর্ড গড়েছেন সেনেগালের মিডফিল্ডার পাপে গেয়ে।

ফিফার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে পাপে গেয়ের নেওয়া সেই জাদুকরী শটের গতি ছিল ঘণ্টায় ১৩১ দশমিক ৯৪ কিলোমিটার। সেনেগালের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলেও ব্যক্তিগত এই রেকর্ডটি আপাতত পাপে গেয়ের দখলেই রয়েছে।

গতির এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুইজারল্যান্ডের ইয়োহান মানজাম্বি। কানাডার বিপক্ষে তার নেওয়া শটের গতি ছিল ঘণ্টায় ১২৮ দশমিক ৭৩ কিলোমিটার। তালিকার তৃতীয় স্থানে থাকা নরওয়ের থেলো আসগার্ডের ফ্রান্সের বিপক্ষে করা গোলের গতি ছিল ঘণ্টায় ১২৫ দশমিক ৯৫ কিলোমিটার।

তবে সবচেয়ে নজর কেড়েছে কেপ ভার্দের কেভিন পিনাওয়ের গোলটি। উরুগুয়ের বিপক্ষে তিনি ৩১ গজেরও বেশি দূর থেকে ঘণ্টায় ১২৫ দশমিক ২২ কিলোমিটার গতিতে গোল করেন। গতির পাশাপাশি দূরত্বের কারণেও গোলটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এছাড়া এটি ছিল বিশ্বকাপে কেপ ভার্দের ইতিহাসের প্রথম গোল।

বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রিওন্ডা’র ভেতরে থাকা ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট (আইএমইউ) সেন্সরের মাধ্যমে শটের এই গতি নিখুঁতভাবে মাপা হচ্ছে। স্টেডিয়ামের চারপাশে থাকা ১৬টি বিশেষ ক্যামেরা এবং বলের ভেতরের সেন্সর সমন্বয় করে প্রতি সেকেন্ডে প্রায় ৫০ বার করে খেলোয়াড়দের তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান তৈরি করে।

দ্রুততম শটে করা শীর্ষ ৫ গোল:

১. পাপে গেয়ে (সেনেগাল): ১৩১.৯ কিমি/ঘণ্টা
২. ইয়োহান মানজাম্বি (সুইজারল্যান্ড): ১২৮.৭ কিমি/ঘণ্টা
৩. থেলো আসগার্ড (নরওয়ে): ১২৫.৯ কিমি/ঘণ্টা
৪. পেতার সুচিচ (ক্রোয়েশিয়া): ১২৫.৭ কিমি/ঘণ্টা
৫. উইলসন ইসিদোর (হাইতি): ১২৫.৫ কিমি/ঘণ্টা

মানবকণ্ঠ/ডিআর