মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বিতা মাঠে, বন্ধুত্বের বার্তা দিলেন আন্তোনেলা-জর্জিনা
ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে আলোচিত। তবে সেই প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রভাব যে তাদের পারিবারিক সম্পর্কে নেই, সেটিই আবারও সামনে আনলেন দুই তারকার জীবনসঙ্গিনী আন্তোনেলা রোকুজ্জো ও জর্জিনা রদ্রিগেজ।
সম্প্রতি রোনালদোর সঙ্গী স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ নিজের নতুন লাউঞ্জওয়্যার ব্র্যান্ড ‘মিমোয়া’-এর উপহার সামগ্রী পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর কাছে।
উপহার পেয়ে আন্তোনেলা ইনস্টাগ্রাম স্টোরিতে জর্জিনাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার এই নতুন পথচলায় অনেক সফলতা কামনা করি।”
আন্তোনেলার এই পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মেসি-রোনালদোর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেও তাদের পরিবারের সদস্যদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে প্রশংসা করছেন ফুটবলভক্তরা।
উল্লেখ্য, জর্জিনা সম্প্রতি নিজের নতুন পোশাক ব্র্যান্ড ‘মিমোয়া’ বাজারে এনেছেন। সেই উপলক্ষে ঘনিষ্ঠজনদের পাশাপাশি আন্তোনেলার কাছেও শুভেচ্ছা উপহার পাঠান তিনি।
এদিকে এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের মধ্যেই ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত দুই ফুটবল মহাতারকা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা মুখোমুখি হবে মিশরের। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে।




Comments