সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এক অবিস্মরণীয় ইতিহাস গড়লেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই অবিশ্বাস্যভাবে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। আর এর মধ্য দিয়ে দেশের চতুর্থ ব্যাটসম্যান এবং প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে উন্নীত করার অনন্য রেকর্ড গড়লেন এই তরুণ।
সংবাদটি লেখার সময় ৩২১ বলে ২১৩ রান নিয়ে উইকেটে অপরাজিত রয়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের করা ৩৫৬ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৫১ রান। সফরকারীদের চেয়ে বাংলাদেশ এখন মাত্র ৫ রানে পিছিয়ে রয়েছে।
জোমেল ওয়ারিক্যানের করা ইনিংসের ১০০তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ম্যাজিক ফিগার স্পর্শ করেন হৃদয়। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন মাত্র তিনজন ব্যাটার—মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবার চতুর্থ ব্যাটার হিসেবে সেই অভিজাত ক্লাবে নাম লেখালেন হৃদয়, তবে অভিষেক সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার ক্ষেত্রে তিনিই প্রথম।
ম্যাচের এই কঠিন সময়ে হৃদয়ের এমন দায়িত্বশীল ও মহাকাব্যিক ইনিংস দলকে শুধু বিপর্যয় থেকেই রক্ষা করেনি, বরং চালকের আসনে বসানোর লড়াইয়েও টিকিয়ে রেখেছে। চতুর্থ দিনে বাংলাদেশ সংগ্রহকে কতদূর নিয়ে যেতে পারে, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা।
ডিআর

