দেশজুড়ে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এ নির্দেশ প্রদান করেন। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় সব মহানগর পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আইজিপি। একই সঙ্গে টহল, তল্লাশি ও নিয়মিত নজরদারি বাড়াতে বলা হয়েছে।
বৈঠকে আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দেন। তবে অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে ব্যাপারে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে বিশেষ পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।
এসএস

