সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।
তবে রিয়াদ রুট বন্ধ থাকলেও ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ রিয়াদ রুটের যাত্রীদের টিকিট পুনঃনির্ধারণ ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।
ডিআর

