রাতের শেষ প্রহরে বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন চালক মো. কালাচাঁদ। সারাদিনের কর্মব্যস্ততা শেষে একটু বিশ্রাম নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি। মধ্যরাতে বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রাণ হারান এই চালক। স্বামীকে হারিয়ে এখন শোকে ভেঙে পড়েছেন স্ত্রী ময়না বেগম। তাঁর একটাই দাবি, স্বামী হত্যার বিচার।
সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. কালাচাঁদ ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা স্বজনরা। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম।
মঙ্গলবার বাড়িতে স্বামী হারানোর শোকে আহাজারি করতে করতে ময়না বেগম বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় করেনি। কেন আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মারল? আমি এই হত্যার বিচার চাই।’
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর রাখা হয়েছিল। এ সময় বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁদ। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
আগুন ছড়িয়ে পড়লে বাসের দরজা খুলে কোনোমতে বাইরে বেরিয়ে আসেন চালক। তবে বাইরে বের হওয়ার পর তিনি পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল। তারা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
একটি বাসে আগুনের ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন মানুষ, নিভে গেছে একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির জীবন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে কালাচাঁদের পরিবার। স্বজনদের এখন একটাই প্রত্যাশা—দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
বিএইচ

