Image description

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে প্রবাসী আয়ের জোয়ার বইছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ৪৭৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। বুধবার (২০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের ১৯ দিনে প্রতিদিন গড়ে ১৩ কোটি ৭ লাখ ডলার করে রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে ব্যাপক গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধির হার ৩৮ দশমিক ৫০ শতাংশ। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের রেট বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা উৎসাহিত হচ্ছেন।

ব্যাংক কর্মকর্তাদের মতে, কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার ও স্বজনদের কোরবানির পশু কেনাসহ উৎসবের আনুষঙ্গিক খরচ মেটাতে বাড়তি অর্থ পাঠাচ্ছেন। এর ফলে মাসের বাকি দিনগুলোতে রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালে রেমিট্যান্স আসার ক্ষেত্রে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। চলতি বছরের মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এরপর এপ্রিল মাসেও ৩১২ কোটি ৭৩ লাখ ডলারের বড় অংকের প্রবাসী আয় দেশে আসে। মে মাসের বর্তমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে এটি ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই