জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, ৫ মামলায় জামিন বহাল থাকলেও আরও দুটি মামলায় গ্রেপ্তার থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না। অর্থাৎ কারাগারেই থাকতে হচ্ছে সাবেক এই প্রধান বিচারপতিকে।
এর আগে গত ৮ ও ১১ মার্চ পৃথক আদেশে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ খায়রুল হককে এই ৫ মামলায় জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও আজ তা খারিজ হয়ে যায়। তবে এর মধ্যেই নিম্ন আদালতে আরও দুটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ রায় জালিয়াতি ও প্লট জালিয়াতির মতো মোট সাতটি মামলা রয়েছে।
এ বি এম খায়রুল হক ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments