রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার পক্ষে কোনো আইনজীবী আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
শুক্রবার (২২ মে) সকালে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে জানান, রামিসা হত্যাকাণ্ডের মতো পৈশাচিক ও জঘন্য অপরাধের আসামির পক্ষে ঢাকা বারের কোনো সদস্য আদালতে দাঁড়াবেন না। শিশুটির প্রতি মানবিক দায়বদ্ধতা এবং অপরাধের ভয়াবহতা বিবেচনায় আইনজীবীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
মামলার প্রধান আসামি সোহেল রানা গত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জবানবন্দিতে সে শিশু রামিসাকে ধর্ষণ ও পরবর্তীতে গলাকেটে হত্যার রোমহর্ষক বর্ণনা দেয়। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, শুক্রবার রাতে নিহত রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা জানান এবং শিশুটির ওপর চালানো এই পৈশাচিকতার বিচার দ্রুততম সময়ে শেষ করার প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, এই ঘৃণ্য অপরাধের বিচার দৃষ্টান্তমূলক হবে যাতে ভবিষ্যতে আর কেউ শিশুদের ওপর এমন হাত দেওয়ার সাহস না পায়।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। বর্তমানে মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার দিকে এগুচ্ছে এবং আসামির স্বীকারোক্তি ও আইনজীবীদের বর্জনের ফলে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
__এআর/এমকে




Comments