ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ‘আমেরিকা ফার্স্ট’ ভিসা টুল চালুর ঘোষণা
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও নিবিড় করতে ‘আমেরিকা ফার্স্ট’ (America First) নামে একটি নতুন ভিসা নির্ধারণী ব্যবস্থা বা টুল চালু করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর চার দিনের ভারত সফরকালে এই বিশেষ উদ্যোগের ঘোষণা দেন।
এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো ব্যবসায়িক পেশাজীবী এবং সেইসব ব্যক্তিদের ভিসা প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া, যাঁদের সফর আমেরিকার অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে সরাসরি শক্তিশালী করে।
মার্কো রুবিও জানান, ধীরগতির কনস্যুলার প্রক্রিয়ার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফর, বিনিয়োগ পরিকল্পনা বা দ্বিপাক্ষিক আলোচনা বাধাগ্রস্ত হয়। এই প্রতিবন্ধকতা দূর করতেই ‘আমেরিকা ফার্স্ট’ টুলটি তৈরি করা হয়েছে। এই ব্যবস্থার অধীনে এমন আবেদনকারীরা আগে সময়সূচী (Appointment) পাবেন, যাঁরা মার্কিন বাজারে বিনিয়োগকারী ভারতীয় সংস্থার প্রতিনিধিত্ব করছেন কিংবা বড় কোনো বাণিজ্যিক চুক্তির সাথে যুক্ত।
রুবিও তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ভারতীয় সংস্থাগুলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। এই বাণিজ্যিক প্রসারের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্বকেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন।
নতুন এই ব্যবস্থাটি কেবল আবেদনকারীদের জন্যই নয়, বরং মার্কিন কনস্যুলেটগুলোর অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। রুবিও বলেন, “এই সুবিধাটি আমাদের কার্যপদ্ধতিকে আরও নির্ভুল, দ্রুত এবং কার্যকর করবে। এটি আলটিমেটলি আমেরিকানদের অর্থ সাশ্রয় করবে কারণ আমরা এখন আরও দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হব।”
তিনি কনস্যুলার কর্মকর্তা ও সহায়তাকারী কর্মীদের ‘অগ্রভাগের যোদ্ধা’ হিসেবে সম্বোধন করে বলেন, তারা প্রতিদিন মার্কিন জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন।
বিশ্লেষকরা মনে করছেন, মার্কো রুবিওর এই ঘোষণা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতি ওয়াশিংটনের অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অধীনে বন্ধুপ্রতীম দেশগুলোর সাথে অর্থনৈতিক সংহতি বাড়ানোর যে প্রচেষ্টা চলছে, এই ভিসা টুল তারই একটি অংশ।
গত কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যেসব ছোটখাটো জটিলতা দেখা দিয়েছিল, এই নতুন উদ্যোগ এবং রুবিওর ভারত সফরের মাধ্যমে তা কাটিয়ে নতুন এক অধ্যায় শুরুর ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সূত্র: এনডিটিভি




Comments