হংকংয়ের কর্তৃপক্ষ সন্তানের প্রতি অবহেলার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। চীনের প্রশাসনিক এই অঞ্চলে জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক হলেও তারা সেটি করেননি। ডিএনএ পরীক্ষায়ও অস্বীকৃতি জানিয়েছেন।
মঙ্গলবার হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস টাং এসব তথ্য জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অবিবাহিত ওই দম্পতির দাবি, দুই মাস আগে তাদের সন্তান জন্ম নেয়। ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় কারণে তারা জন্মনিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষায় অস্বীকৃতি জানিয়েছেন।
তবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিস টাং ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নাকচ করে দেন। তিনি বরং ওই দম্পতিকে সন্তানের প্রকৃত জন্মদাতার প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, মা বলে দাবি করা নারীটি গর্ভাবস্থায় স্বাস্থ্য পরীক্ষার কোনো নথি দেখাতে পারেননি।
ক্রিস টাং জানান, ওই নারী অন্তঃসত্ত্বা থাকাকালীন কোনো ছবি দিতেও অস্বীকৃতি জানিয়েছেন। তাকে এখন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।
হংকংয়ের আইন অনুযায়ী, শিশুর জন্মের ৪২ দিনের মধ্যে জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক। শিশু অবহেলার অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।




Comments