Image description

ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ দায়িত্ব পালনকালে নিহত ছয় সেনাসদস্যের নাম প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির সরকার। নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং একজন ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট রয়েছেন।

ভারত সরকার জানিয়েছে, দেশটির রাজধানী নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল-এর স্মৃতিফলকে এই ছয় সেনাসদস্যের নাম খোদাই করে সংরক্ষণ করা হবে।

নিহতরা হলেন-সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে প্রাণ উৎসর্গকারী সেনাসদস্যদের পূর্ণ তালিকার সঙ্গে এবার প্রথমবারের মতো অপারেশন ‘সিঁদুর’-এ নিহত এই ছয় সদস্যের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ত্যাগ চক্র’ অংশটি দেশের জন্য আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের স্মরণে নির্মিত। ১৬টি বৃত্তাকার গ্রানাইট দেয়াল নিয়ে গঠিত এই স্মৃতিস্তম্ভে স্বাধীনতার পর থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী প্রতিটি সেনাসদস্যের নাম, পদবি ও ইউনিট খোদাই করা রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে অপারেশন ‘সিঁদুর’-এ নিহত ছয় সেনার নামও।

গত বছরের ৭ মে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের কথিত সন্ত্রাসী ঘাঁটিতে সামরিক অভিযান চালায় ভারত। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

এর জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে আকাশযুদ্ধ, ড্রোন হামলা এবং সীমান্তজুড়ে ব্যাপক গোলাবিনিময় শুরু হয়। চার দিন ধরে চলা ওই সংঘাত ১০ মে শেষ হয়।

ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ‘সিঁদুর’ নামটি প্রতীকী অর্থে বেছে নেওয়া হয়েছিল। হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহৃত লাল সিঁদুরকে প্রতীক হিসেবে নিয়ে পেহেলগাম হামলায় নিহতদের স্ত্রীদের ‘বিধবা হওয়ার’ ঘটনার প্রতিক্রিয়া ও প্রতিশোধের বার্তা তুলে ধরতেই এই নামকরণ করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি