আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় এ ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর আফগানিস্তানের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলটি বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প বলয়ের অন্তর্ভুক্ত। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এছাড়া হেরাতসহ কয়েকটি এলাকা প্রধান চ্যুতি রেখার ওপর অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি আরও বেশি।
এদিকে, এই ভূমিকম্পের আগের দিন থেকেই পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একাধিক মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত শুক্রবার থেকে সেখানে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৩ মাত্রার অন্তত পাঁচটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব কম্পনে বারখান, মুসাখেল, কোহলু, কিংরি ও রাখনি এলাকার কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে আফগানিস্তান বা ভারতে নতুন করে সুনামি বা বড় ধরনের আফটারশকের কোনো সতর্কতা জারি করা হয়নি।
সূত্র: এনডিটিভি, ফার্স্টপোস্ট।




Comments