ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় মাশহাদে দাফন করা হবে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের শিয়া মুসলিমদের পবিত্র শহর নাজাফে লাখো মানুষ জড়ো হয়েছেন।
কারবালা থেকে খামেনির মরদেহ ইরানে নেওয়া হয়। পরে জানাজার জন্য তা মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে আনা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তিনি নিহত হন।
১৯৩৯ সালে জন্ম নেওয়া খামেনির জন্মস্থানও মাশহাদ। শিয়া মুসলিমদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র। এখানেই শিয়াদের অষ্টম ইমাম, ইমাম রেজার মাজার অবস্থিত।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খামেনির ইচ্ছা অনুযায়ী তাকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই দাফন করা হবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও সেখানে সমাহিত করা হয়েছিল।
ইরানের কর্মকর্তাদের মতে, এই বিশাল জানাজা ও দাফনের মাধ্যমে জাতীয় ঐক্য ও রাষ্ট্রের শক্তির বার্তা দিতে চায় তেহরান। খামেনির সঙ্গে একই কবরে তার শিশু নাতনি, জামাতা, কন্যা এবং পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেলকেও সমাহিত করা হবে।




Comments