প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন প্রজন্মকে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যেন বর্তমান প্রজন্ম সাফল্যের স্বাক্ষর রাখতে পারে, সেই লক্ষ্য নিয়ে তাদের প্রস্তুত হতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, তবে সব বাধা পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে যদি আমরা দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে পারি, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চাইবে, সরকার তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ ও নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।
একটি সুন্দর ও সবুজ দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, তরুণদের প্রকৃতির যত্ন নিতে হবে এবং দেশের জাতীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকতে হবে। তবেই আমরা একটি টেকসই ও উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
মানবকণ্ঠ/ডিআর




Comments