ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে টানা ২৬ দিন অনশন করার পর তা ভেঙেছেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৫৯ বছর বয়সী ওয়াংচুক জানান, ভারত সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন শর্তে আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়ানোর স্বার্থে তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—এমন আশ্বাস পাওয়ার পরই তিনি অনশন ভাঙেন। এ সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত যুব আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
অনশনের সময় ওয়াংচুক জানিয়েছিলেন, তার ওজন প্রায় ১১ কেজি কমেছে। গত ১৮ জুলাই দিল্লির যন্তর-মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ তাকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে।
ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তবে তিনি স্পষ্ট করেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর-মন্তরে সংগঠনটির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, দিল্লিতে আন্দোলন এখনও চলমান। পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হলেও আন্দোলন থামেনি।
গত মে মাসে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে সিজেপির যাত্রা শুরু হয়। পরে এটি দেশজুড়ে বড় যুব আন্দোলনে পরিণত হয়। আন্দোলনকারীদের প্রধান দাবি, প্রশ্নফাঁসের নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।




Comments