সৌদি আরবের রাজধানী রিয়াদে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এদিকে রাজধানীর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রিয়াদ অঞ্চলে সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং বিপদ কেটে গেছে বলে জানানো হয়।
এরপর সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
এর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি জানান, রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিকে, রোববার সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
তবে আরামকোর ভবনের ক্ষয়ক্ষতি কিংবা সম্ভাব্য হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বার্তা সংস্থা এএফপিকে তিনজন প্রত্যক্ষদর্শী ভবনটিতে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরামকোর ভবনে ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটল ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হওয়ার এক দিন পর। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ বলেছে, ওই বিমান হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, ইয়েমেনেও বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তবে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। এরপর থেকে ইয়েমেনে উত্তেজনা ও সহিংসতা বেড়েছে।
এদিকে, গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া বৃহত্তর যুদ্ধেও জড়িয়ে পড়ে ইয়েমেন। ফলে দেশটি ওই যুদ্ধের আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।
সৌদি আরবে হামলা বন্ধ করতে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ইয়েমেনের শাসক হিসেবে স্বীকৃতি দাবি করেছে হুথিরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরামকোর ভবনের কাছে হামলার ঘটনা সৌদি আরবের ওপর চাপ আরও বাড়িয়েছে। হুথিদের সঙ্গে চলমান উত্তেজনা সামাল দিতে দেশটিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: তুর্কিয়ে টুডে
বিএইচ
