আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকার আশপাশের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সেনেগালের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস সরকারি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে অভিবাসীরা সেনেগালের উপকূলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন।
এদিকে, অল্প সময়ের ব্যবধানে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়েছে। এপিএসের তথ্য অনুযায়ী, শুধু শনিবারই সাত শতাধিক অভিবাসী এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন। এক সপ্তাহে দ্বীপটিতে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী। অভিবাসীদের এই চাপ সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ দ্বীপটিতে জরুরি অবস্থা জারি করেছে।
সূত্র: এএফপি
এনএ

