খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থীর লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক রেজাউল ইসলাম তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। শুরুতে সাধারণ কথাবার্তা হলেও পরে তিনি অশোভন ও আপত্তিকর বার্তা পাঠাতে থাকেন এবং একাধিকবার গভীর রাতে ফোন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় আরও আপত্তিকর বার্তা পাঠানো হয়, যা তার মানসিক স্বাস্থ্য ও পড়াশোনায় প্রভাব ফেলে বলে দাবি করা হয়। পরে সহপাঠী ও সংশ্লিষ্টদের জানিয়ে সমাধান না পেয়ে তিনি প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেন। অভিযোগের সঙ্গে কথিত বার্তার স্ক্রিনশটও জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রেজাউল ইসলাম দাবি করেছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মোবাইল ফোন চুরি হয় এবং এরপর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ রেখেছেন। তিনি আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের কারণে কিছু শিক্ষার্থীর সঙ্গে বিরোধ তৈরি হতে পারে, যার জেরেই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ জানান, ডিনদের সঙ্গে বৈঠকের পর তাকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক মোছা. তাছলিমা খাতুন জানিয়েছেন, বিষয়টি নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে এবং তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত জানানো হবে।




Comments